রোজদিন ডেস্ক : প্রচারের শেষ লগ্নে এসে শনিবার ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে সমস্যা। সভাস্থলের জন্য নির্দিষ্ট জায়গার সামনেই বিজেপির একটি সভা শুরু হয়। সেখান থেকে মাইকিং শুরু করা হয়। এই অবস্থায় কয়েক মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রেখে সভা শেষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন করবে এসব? ইলেকশনের কিছু রুলস আছে। তা হলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে। তখন পুলিশ তুলতে আসলে, মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পুরোপুরি পার্শিয়ালিটি। তৃণমূলনেত্রী বলেন, এভাবে মিটিং করা আমার পক্ষে সম্ভব নয়।এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। আমি সব অফিশিয়াল পারমিশন নিয়েছি। তারপরে আপনারা দেখুন, কী অ্যাটিটিউড। ওরা পশ্চিমবঙ্গকে দখল করতে জোর করে যা করছে, তা ঠিক নয়। আমি রাজ্যে ঘুরছিলাম ২০০ আসনের জন্য। অভিষেকও প্রায় ১০০ আসনের জন্য প্রচার করছে। আপনারা যদি এমন আচরণ করেন, তা হলে আমি দুঃখিত। আমাকে আইনি পদক্ষেপ করতে হবে। আমি সেটা করব। তাহলে বুঝতে পারছেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এই দেখুন, সামনে চিৎকার করছে, যাতে আমি মিটিংটা করতে না পারি। আমাকে ক্ষমা করবেন। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাল এখানে র্যালি করব। আমি এই অসভ্যতামি করতে পারব না। এটা খুব অপমানজনক। আমি আপনাদের নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। যদি পারেন, ভোটটা আমায় দেবেন। আমার সিম্বল নম্বর ২। কিন্তু এর প্রতিবাদে আপনাদের ভোটটা দিতে হবে। আমাকে মিটিংটা পর্যন্ত করতে দেওয়া হল না।

Be the first to comment