রোজদিন ডেস্ক: প্রথম দফায় সেঞ্চুরি করে ফেলেছে তৃণমূল। আর এটা বুঝতে পেরে ভয় পেয়ে গিয়েছেন মোদিজি। তাই আলো নিভিয়ে গণনার দিন ইভিএম লুটের চক্রান্ত করছেন। রবিবার ভবানীপুর থেকে বিজেপির দিকে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে শেষ রবিবার শেষমুহূর্তে নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচার সারলেন বাংলার জননেত্রী। ঘরের মেয়ে হয়ে ভবানীপুরের রাস্তায়, অলিতে-গলিতে মানুষের জনসমুদ্রে ভেসে পদযাত্রায় মানুষের শুভেচ্ছা গ্রহণ করলেন তৃণমূল সুপ্রিমো। আর আট থেকে আশি নির্বিশেষে ভবানীপুরের মানুষও, ঘরের মেয়েকে ভালবাসায় ভরিয়ে দিলেন। পদযাত্রা শেষে এদিনের প্রথম জনসভা থেকে একের পর এক ইস্যুতে বিজেপি ও কমিশনকে নিশানা করেন তিনি। বলেন, প্রথম দফার ভোটের পর শুনলাম যেখানে যেখানে ভোট হয়ে গিয়েছে, ওরা কম্বল মুড়ি দিয়ে দুষ্কৃতীদের নিয়ে যাচ্ছে ইভিএম দখল করতে। কর্মীদের বলব, নিজেদের এলাকায় ভোটের মেশিনে নজর রাখুন! দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ল্যান্সডাউন থেকে কালীঘাটের ফায়ার স্টেশন পর্যন্ত বিরাট পদযাত্রায় জনসংযোগ সারেন তৃণমূল নেত্রী। প্রত্যেক ধর্ম-বর্ণ ও ভাষাভাষীর মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সঙ্গে ছিলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম, সন্দীপ বক্সি, বৈশ্বানর চট্টোপাধ্যায়, অসীম বসু, শিল্পী ইমন চক্রবর্তী-সহ অগণিত মানুষের জনসুনামি। পদযাত্রা শেষে ক্যামাক স্ট্রিটে বরদান মার্কেটের বিপরীতে সভা থেকে বলেন, আমি কমিশনকে সম্মান করি। কিন্তু যখন কেউ লোডশেডিং করে কম্বল মুড়ি দিয়ে মুখোশ পরে ইভিএম লুঠ করতে আসে, সেটা তো আপনাদের দেখার কথা! কেন আপনারা পদক্ষেপ নিচ্ছেন না? কেন লোডশেডিং হচ্ছে? আমাদের এখানে তো লোডশেডিং হয় না। তার মানে এটা প্রমাণ হয়, আপনাদের অন্য কিছু মতলব আছে! মানুষকে সতর্ক করে নেত্রীর বক্তব্য, আপনারা সেই মতলবের ফাঁদে পা দেবেন না!

Be the first to comment