রোজদিন ডেস্ক : অনেক আগেই ফ্রিজ করা হয়েছে ভোটার তালিকা। কিন্তু বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ভোটগ্রহণের দু’দিন আগে পর্যন্ত যাদের নাম ট্রাইব্যুনালে পাশ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সেই নির্দেশ মেনে দ্বিতীয় দফা ভোটের আগে সোমবার রাতের দিকে আরও একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই পর্বে ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তি হওয়া আরও ১৪৬৮ জনের নাম জুড়েছে ভোটার তালিকায়। বাদ গিয়েছে ৬ জনের নাম। বুধবার রাজ্যে দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ। নতুন তালিকায় দ্বিতীয় দফায় যে ভোটারদের নাম জুড়ল, তাঁরাও ভোট দিতে পারবেন। তবে সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যে সমস্ত নামের নিষ্পত্তি করবে এবং যাঁদের ভোটার হিসাবে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। শীর্ষ আদালতের সেই নির্দেশ মোতাবেক এ বার পদক্ষেপ করল কমিশন। জানা যাচ্ছে, সোমবার পর্যন্ত যে আবেদনগুলির নিষ্পত্তি হয়েছে ট্রাইবুনালে, তার ভিত্তিতে এই অতিরিক্ত তালিকা তৈরি করা হয়েছে। এর আগে প্রথম দফার জন্য একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে ১৩৯ জন ভোটারের নাম উঠেছিল।

Be the first to comment