ভয় পাবেন না, নিশ্চিন্তে কাউন্টিং বুথে যান, আমরাই ক্ষমতায় আসছি, ভার্চুয়াল বৈঠকে এজেন্টদের বার্তা তৃণমূলনেত্রীর, গণনার খুঁটিনাটি বোঝালেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক  ভয় পাবেন না, নিশ্চিন্তে কাউন্টিং সেন্টারে যান। আমরাই ক্ষমতায় আসছি। শনিবার বিকেলে ভার্চুয়াল বৈঠক থেকে দলের কাউন্টিং এজেন্টদের এই বার্তাই দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। সকাল ৮টা থেকে শুরু গণনা। তার আগে, শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে প্রায় ঘণ্টা দু’য়েকের ভার্চুয়াল বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূলনেত্রী কর্মীদের বলেন, তৃণমূল দু’শোর বেশি আসন জিতছে। তাঁর নির্দেশ, কোনও কেন্দ্রে জয়ের ব্যবধান কম হলে এজেন্টদের পুনর্গণনার দাবি জানাতে হবে। ৪ মে যতক্ষণ না তিনি সাংবাদিক বৈঠক করে জয়ের ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট ও প্রার্থী যেন গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে না যান। ওইদিন ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যেতে হবে সবাইকে। সঙ্গে রাখতে হবে ডায়েরিও। ইভিএম খোলার সঙ্গে সঙ্গে নোট করবেন। দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই। খাওয়াদাওয়া নিয়ে তাঁদের সতর্ক করে মমতা বলেন, কাউন্টিং এজেন্টরা হালকা খাবার খাবেন। কেউ দিলেও খাবেন না, বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। বাইরের জল নেবেন না, বাড়ির জল নেবেন। আপনাদের চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা করবে। কাউন্টিং সেন্টারে চোখ খোলা রাখবেন। ডেটা ঠিক করে কম্পিউটারে তুলছে কিনা, সেদিকে নজর রাখবেন। যাঁরা কষ্ট করেছেন, আক্রান্ত হয়েছেন, দল তাঁদের ভোটের পর পুরস্কৃত করবে।

 

ভোটগণনার সময় কী কী খেয়াল রাখতে হবে তাঁর খুঁটিনাটি বিশদ এজেন্টদের বুঝিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইভিএম আনার পর ফর্ম ১৭ সি-র সঙ্গে আমাদের সিরিয়াল নম্বর মেলাতে হবে। নম্বর ম্যাচ না করলে মেশিন খোলা যাবে না। ভিভিপ্যাট কাউন্টিংয়ের দাবি জানাতে হবে। নম্বর মিলে গেলে সিল, তারিখ, সময় যাচাই করতে হবে। প্রথম দফা, দ্বিতীয় দফা মিলিয়ে নেবেন। টোটাল বোতামের নম্বর মেলাবেন। ১৭ সি ফর্মের সঙ্গে সেটা মেলাতে হবে। তারপর রেজাল্টের বোতাম টিপে ধরে ধরে কোন প্রার্থী ক’টা পেয়েছে দেখবেন। ডায়রি রাখবেন সঙ্গে। সুবিধা অ্যাপের তোলার সময় কড়া নজর রাখবেন। ওরা এই চুরি বিহার ও দিল্লিতে করেছিল। নন্দীগ্রাম মনে করিয়ে অভিষেক বলেন, ওরা চাইবে লোডশেডিং করতে। ছাত্র সংগঠন ট্রান্সফরমার ঘিরে রাখবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের এজেন্টরা নজর রাখবেন। এদিন একই সঙ্গে তিনি ভোটের দিন কারা কোন জেলার দায়িত্বে থাকবেন সেই সব নেতা, নেত্রীদের নামও ঘোষণা করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*