রোজদিন ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই খুলে যাবে ভোট বাক্স। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনা। রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে একযোগে ইভিএমের কন্ট্রোল ইউনিট খুলে শুরু হবে হিসেব নিকাশ। প্রচার, রাজনৈতিক তরজা, অভিযোগ-পাল্টা অভিযোগ আর টানটান উত্তেজনার শেষে উত্তর মিলবে সোমবার ৪ মে। টানা তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের নবান্নের ১৪ তলায় ফিরবেন, না কি ক্ষমতার পালাবদলের সাক্ষী হবে বাংলা? উত্তর মিলবে সোমবারই। ইভিএমের সঙ্গে থাকছে পোস্টাল ব্যালটও। গণনা ঘিরে এবার কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কার্যকর করা হয়েছে ১৬৩ ধারা। ওই এলাকায় জমায়েত, বিক্ষোভ কিংবা অযাচিত ভিড় সম্পূর্ণ নিষিদ্ধ। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রথম স্তরে কলকাতা পুলিশের লাঠিধারী বাহিনী ও সার্জেন্টরা, দ্বিতীয় স্তরে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, আর তৃতীয় স্তরে থাকবেন শুধু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গণনাকর্মী, সরকারি কর্মী, প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যে কেন্দ্রে ঢুকতে হবে। ভিতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি সিগারেট লাইটারও রাখা যাবে না। সঙ্গে রাখা যাবে সাদা কাগজ ও একটি কলম। কাউন্টিং এজেন্টদের পরিচয়পত্রে এবার যুক্ত হয়েছে কিউআর কোড, যা স্ক্যান করে তবেই ঢোকার অনুমতি মিলবে। গোটা প্রক্রিয়ার উপর নজর রাখতে প্রতিটি গণনা কেন্দ্র ও তার ২০০ মিটার এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। লাইভ ওয়েব কাস্টিং না থাকলেও রেকর্ডিং সংরক্ষণ করা হবে, যাতে পরে কোনও অভিযোগ উঠলে তা দেখা যায়।

Be the first to comment