রোজদিন ডেস্ক : দক্ষিণ শহরতলির ব্রেসব্রিজ রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিতর্কিত উচ্ছেদ নোটিশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ২০ মে পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে জানিয়েছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। ওই এলাকায় বসবাসকারী প্রায় ৬ হাজার বস্তিবাসীর দায়ের করা মামলায় শুক্রবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট চত্বর থেকে আবেদনকারীকে উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। গত ৯ মে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই উচ্ছেদ নোটিশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিতর্কিত নোটিশে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে, অথচ পুনর্বাসন, বিকল্প বাসস্থান বা সংবিধানের ২১ নং অনুচ্ছেদের অধীনে বাসস্থান ও জীবিকার অধিকার রক্ষার সাংবিধানিক সুরক্ষা মানা হয়নি। মামলার পরবর্তী শুনানিতে এনিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Be the first to comment