সাতটি সড়ক প্রকল্পের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিল রাজ্য সরকার

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হল। কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার হাতে তুলে দিল রাজ্য সরকার। মুখ্যসচিবের তরফে প্রকাশিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দফতরের অধীন থাকা এই জাতীয় সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক সড়ক প্রকল্পের কাজ দ্রুত এগোবে। যে সাতটি জাতীয় সড়কের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে, তার মধ্যে রয়েছে এনএইচ-৩১২, ৩২৯.৬ কিলোমিটার দীর্ঘ ওই সড়ক জঙ্গিপুর-ওমরপুর-কৃষ্ণনগর-বনগাঁ-বাসিরহাট হয়ে ঘোজাডাঙা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও বিহার- পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে গাজোল পর্যন্ত এনএইচ-৩১ এবং বিহার সীমান্ত থেকে ফরাক্কা পর্যন্ত এনএইচ-৩৩-র দায়িত্বও পাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন-কে। এর মধ্যে রয়েছে সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে করোনেশন ব্রিজ হয়ে কালিম্পং এবং সিকিম সীমান্ত পর্যন্ত নতুন এনএইচ-১০। হাসিমারা থেকে জয়গাঁ হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত নতুন এনএইচ-৩১৭এ, বারাডিঘি-ময়নাগুড়ি-চ্যাংরাবান্ধা হয়ে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নতুন এনএইচ-৭১৭ এবং শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত এনএইচ-১১০-এর দায়িত্বও তাদের হাতে তুলে দেওয়া হল। গত এক বছর ধরে এই প্রস্তাব রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় পড়েছিল। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফে বারবার অনুরোধ সত্ত্বেও আনুষ্ঠানিক হস্তান্তর না হওয়ায় প্রকল্পগুলি কার্যত থমকে ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*