রোজদিন ডেস্ক :
টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন নাকচ করল উচ্চ আদালত। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য এই আবেদন খারিজ করেন, সাংসদের “দায়িত্বজ্ঞানহীন” মন্তব্য নিয়ে প্রশ্নও তোলেন। দলের শীর্ষ নেতা হয়ে কিভাবে উনি এই সব মন্তব্য করেছেন, তা জানতে চান। তবে এফআইআরের প্রেক্ষিতে আগামী ৩১ জুলাই অবধি পুলিশ তাঁর বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করতে পারবে না বলে বিচারপতি নির্দেশ দিয়েছেন। অভিষেক ব্যানার্জিকে তদন্তে সহযোগিতাও করতে হবে। তা না করলে পুলিশ আদালতে আবেদনও জানাতে পারবে।
বিচারপতির এই সব নির্দেশে আপাত স্বস্তি মিললেও তাঁর বক্তব্য নিয়ে তদন্ত চলার বিষয়ে যথেষ্ট অস্বস্তিতে সাংসদ ও তাঁর দল, এমনই মনে করেন অভিজ্ঞ মহল।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিয়ে অভিষেক ব্যানার্জির চরম অবমাননা, উস্কানিমূলক মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন সাংসদ। আজ তাঁর পক্ষে সওয়াল করেন টিএমসি-র আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি। যদিও তাঁর আবেদন ধোপে টেকেনি। পরন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, দলের গুরুত্বপূর্ণ পদে থেকে কিভাবে তিনি এই সব মন্তব্য করেছেন! তাঁর কাছে বিচক্ষণতা আশা করা যায়৷ মামলাকারীকে (অভিষেক ব্যানার্জি) হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে কিনা তিনি জানতে চান।
রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, আপাতত হেফাজতে নেওয়ার মত পরিস্থিতি হয়নি। তবে ওঁর ওই মন্তব্যর প্রেক্ষিতে ভোট পরবর্তী হিংসা হয়েছে কিনা পুলিশ তদন্ত করছে।
আগামী ২০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

Be the first to comment