রোজদিন ডেস্ক : বারাসতের কাকলি ঘোষ দস্তিদারের পর এবার রাজ্যসভার সুখেন্দুশেখর রায়। দলের বিপর্যয় হতেই বেসুরো দলের এই সাংসদ। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। যা নিয়ে রাজনৈতিক জল্পনা ছড়িয়েছে। পোস্টে রোমান সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে লেখেন, পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন। তাঁর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তো বটেই, তৃণমূলের অন্দরেও শোরগোল ফেলে দিয়েছে। পোস্টের প্রসঙ্গে সুখেন্দুশেখর এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি। তবে তাঁর মতো প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিক ফের বেসুরো হওয়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দলের তরফেও প্রকাশ্যে এখনও কেউ কোনও মন্তব্য করেননি। এর আগেও ২০২৪ সালের অগস্ট মাসে আরজি কর আন্দোলন নিয়ে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন সুখেন্দুশেখর রায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে ধর্নাতেও বসেছিলেন। পরে অবশ্য নিজের “দৌড়” বুঝতে পেরে ‘বিদ্রোহে’ ইতি টানেন তিনি। পুলিশের বিরুদ্ধে করা পোস্টে ভুল তথ্য ছিল বলে তা মুছে দিয়ে আবার তৃণমূলে মন দেন। এবার দেখার পরিস্থিতি কোন দিকে যায়।

Be the first to comment