রোজদিন ডেস্ক :
আসন্ন বর্ষার মরসুমে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আগেই পর্যালোচনা বৈঠক হোল। আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। সেখানে বিরোধী তৃণমূল বিধায়কদের সিংহ ভাগ উপস্থিতি নিঃসন্দেহে এক নয়া মাত্রা এনে দেয়। সাবিনা ইয়াসমিন, সমর মুখার্জি, গোলাম রব্বানি, বিপ্লব মিত্র-সহ প্রায় সব বিধায়কই বৈঠকে অংশ নেন। যা প্রাক্তন সরকারের আমলে দেখা যায়নি।
এতে খুশি মন্ত্রী নিশীথ প্রামাণিকও। জানান, তাঁদের সরকার দলের সীমানা পেরিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। উন্নয়ন ও নিরাপত্তার প্রশ্নে রাজনীতি অপ্রাসঙ্গিক। সব জন প্রতিনিধিই নিজের এলাকার নাড়ির স্পন্দন জানেন, তাঁদের পরামর্শ অত্যন্ত মূল্যবান।
বৈঠকে উত্তরবঙ্গের নদীকেন্দ্রিক ভৌগোলিক চ্যালেঞ্জগুলি নিয়ে দীর্ঘমেয়াদী সমাধানে জোর দেওয়া হয়। জল বিভাজিকার সমস্যা সমাধানে ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশাকে নিয়ে একটি নদী কমিশন তৈরির উদ্যোগ নিয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।
ব্রহ্মপুর নদী কমিশনে এই রাজ্যের স্বার্থ রক্ষার্থে প্রতিনিধিত্ব নিশ্চিত করা নিয়ে উচ্চ পর্যায়ে কুটনৈতিক স্তরে রাজ্য সরকার আলোচনা শুরু করবে বলেও ঠিক হয়েছে।
বর্ষার আগে সার্বিক পরিস্থিতি নিয়ে বিভাগীয় মন্ত্রীর এই পর্যালোচনা বৈঠককে সব মহলই স্বাগত জানিয়েছেন।

Be the first to comment