রোজদিন ডেস্ক: কলকাতা পুরসভায় গত ২ সপ্তাহ ধরে ডামাডোল তুঙ্গে। কার্যত লাটে উঠেছে পুর পরিষেবা। মাসিক পুর অধিবেশন ডেকেও করা যায়নি, পুর প্রশাসনের একাংশের অসহযোগিতায়। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন তৃণমূল কাউন্সিলর সূদীপ পোল্লে। পুলিশ তলব করেছে এমআইসি বৈশ্বানর চট্টোপাধ্যায়কে। এই আবহে মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়িতে আচমকা মেয়র, ডেপুটি মেয়র-সহ মেয়র পারিষদদের তলব করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকে বাকিরা হাজির হলেও নেত্রীর বাড়িমুখো হননি তিন এমআইসি জীবন সাহা, সন্দীপন সাহা ও তারক সিং। কেন তাঁরা যাননি, তার কোনও ব্যাখ্যাও এদিন দেওয়া হয়নি। তবে তারক সিং আগের দিনের বৈঠকেও যাননি। তিনি জানিয়ে দিয়েছিলেন, এখন এই জাতীয় মিটিংয়ের থেকে আক্রান্ত কর্মীদের পাশে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ, আর তিনি সেটাই করছেন। বৈঠকে নেত্রী যত শীঘ্র সম্ভব মেয়রকে মেয়র পরিষদের বৈঠক ডাকার নির্দেশ দেন। যদিও সবাই জানান, এ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল পুর কমিশনারের অসহযোগিতা। কিন্তু নেত্রী জানান, তাও মিটিং ডাকতে হবে। পুর পরিষেবা চালিয়ে যেতে হবে। এই বোর্ড আরও ৬ মাস আছে। ততদিন মানুষকে পরিষেবা দিতে হবে। কমিশনার যদি সহযোগিতা না করেন, তাহলে মিটিংয়ে সেটাও উল্লেখ করে দিতে হবে। আর সূদীপের গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও উল্লেখ করেন তিনি। সবমিলিয়ে পুরসভা নিয়ে লড়াই চালিয়ে যেতে তাদের আরও একবার নির্দেশ দেন তিনি।

Be the first to comment