চোখের জল, রবীন্দ্র সংগীত, চির প্রতিবাদী অনীক দত্ত-কে শেষ বিদায়

Spread the love

রোজদিন ডেস্ক :
চোখের জল, রবীন্দ্র সংগীত, দলমত নির্বিশেষে মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্যে আজ দুপুরে “ভূতের ভবিষ্যত” এর অমর স্রস্টা অনীক দত্তর মরদেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেল। আজ সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি প্রিয় নন্দনে শায়িত ছিলেন তিনি। বহুদিন পর একদা সংস্কৃতির রাজধানী কলকাতা আজ যেন ফিরেছিল তার সেই আগের গরিমায়, আমজনতার সুশৃঙ্খল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে।
ঘণ্টাখানেক সেখানে থাকার পর অনীক দত্ত-র মরদেহ নিয়ে যাওয়া হয় এন টি ওয়ান স্টুডিওতে। তাঁর নিথর দেহ ঘিরে সেখানে চাপা কান্না, শোক, শ্রদ্ধার এক মর্মস্পর্শী পরিবেশ হয়।
বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম নেতা শতরূপ ঘোষ প্রমুখ তাঁকে শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রথম থেকেই প্রয়াত অনীক দত্তের পরিবারের পাশে আছেন। আজ সুষ্ঠুভাবে তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া তত্বাবধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী, চৈতালি দাশগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, জিৎ, সৃজিত মুখার্জি, উৎসব মুখার্জি, লগ্নজিতা চক্রবর্তী প্রমুখ রূপোলি জগতের বিশিষ্টরা তাঁকে শ্রদ্ধা জানান।
ছিলেন “অপরাজিত”-র অভিনেতা শোকস্তব্ধ জিতু কমল। রবীন্দ্র সংগীতে প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানান গৌতম ঘোষ, উষসী চক্রবর্তী।
অনীক দত্তের কন্যা শোকস্তব্ধ ঐশী-র পাশে ছিলেন তাঁরা সবাই। দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে ব্যতিক্রমী প্রতিবাদী চিত্র পরিচালক অনীক দত্তের শেষকৃত্য সম্পন্ন হয়।
সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসু আক্ষেপ করেন, অনীক দত্ত এই সমাজকে যা দিতে পারতেন, তার চেয়ে খুব কমই দিতে পেরেছেন। এই শুন্যতা অপরিসীম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*