রোজদিন ডেস্ক :
দলটার (তৃণমূল!) অবস্থা ফলতার মত হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তারকেশ্বরে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ তিনি প্রথম তারকেশ্বরে যান। তাঁকে ঘিরে ওখানে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা যায়। দেওয়া হয় গার্ড অফ অনার।
মুখ্যমন্ত্রী ভক্তিভরে মন্দিরে পুজো দেন।
পরে তিনি জানান, তারকেশ্বর ঐতিহাসিক জায়গা। পশ্চিমবঙ্গ যে ভারতের সঙ্গে আছে, এই বিষয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রস্তাব দিয়েছিলেন।
তারকেশ্বরে তাঁদের কিছু করারও ইচ্ছে আছে৷ বিশেষত পবিত্র পুকুরের যা রঙ করা হয়েছে, তা বদলাতে হবে।
আগামীকাল থেকে এই মন্দিরের ট্রাস্টি বোর্ড থাকছে না। এডিএম-কে প্রশাসক করা হচ্ছে বলে তিনি জানিয়ে দেন৷
এই মন্দিরের ট্রাষ্টি বোর্ডে প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-কে বসানো নিয়ে এক সময় বিতর্ক বেধেছিল। ট্রাস্টি বোর্ড নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামীকাল থেকে আগের ট্রাস্টি বোর্ড আর থাকছে না। এখানে শ্রাবণী মেলায় বহু ভক্ত আসেন, এখানে বড় কিছু ব্যবস্থা, কাজ হবে বলে জানান।
আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র ডাকা ধর্ণায় লোক হয়নি বলাতে হেসে ফেলেন মুখ্যমন্ত্রী। বলেন, তাঁর কাছে ছবি এসেছে, কি দুরবস্থা! ওখানে দেড়শো জনও হয়নি, প্রচার মাধ্যমেরই দুশো জন আছেন! এরপর তীব্র কটাক্ষ করে তিনি বলেন, দলটার এখন ফলতার মত অবস্থা হয়েছে।
উল্লেখ্য, ফলতায় একদা তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গির খান পুনর্নিবাচনের দুদিন আগে প্রার্থী হিসেবে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। ভোটে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।
মুখ্যমন্ত্রী আরও জানান, তারকেশ্বরে তিনি আগে বহুবার এসেছেন। এমন কি রামমুর্তি মাথায় করে খালি পায়ে পুরো তারকেশ্বর ঘুরেছেন বলে জানান।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গকে ভারতে রাখার প্রস্তাব এখানে বসেই শ্যামাপ্রসাদ দিয়েছিলেন, ২০ জুন রাজ্য দিবস পালন করবে বিজেপি। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আসছেন। ২১ জুন রাজ্যে মহা সমারোহে আন্তর্জাতিক যোগ দিবস পালন অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাঁর আগমন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নেবে রাজ্য।

Be the first to comment