আগামীকাল বুধবার বেলা সাড়ে বারোটায় নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : মহিলাদের জন্য রাজ্য সরকারের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। ওইদিন দুপুর সাড়ে বারোটায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে এই কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলাশাসক ও কলকাতা পুরনিগম কর্তৃপক্ষকে নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে যুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুর এলাকায় নির্বাচিত ১০০ জন অন্নপূর্ণা যোজনার উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুরনিগম এলাকাতেও একইভাবে ১০০ জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র দেওয়া হবে। সংশ্লিষ্ট মহকুমাশাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে।

রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ ওঠায় এবার শুরু থেকেই সতর্কতার সঙ্গে যাচাই প্রক্রিয়া চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*