কৃষ্ণনগরে অন্নপূর্ণা যোজনার শুভ সূচনা, উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল অনুমোদনপত্র

Spread the love

নিজস্ব প্রতিবেদক, কৃষ্ণনগর:

নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে আনুষ্ঠানিকভাবে সূচনা হল অন্নপূর্ণা যোজনার। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। বুধবার আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রশাসনিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তর ও কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক, কৃষ্ণনগর ১ ও ২ নম্বর ব্লকের বিডিও, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রকল্পের লক্ষ্য, উপকারিতা এবং আবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উপভোক্তাদের অবহিত করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উপভোক্তাদের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়ার পর্ব। মঞ্চ থেকেই বহু উপভোক্তার হাতে অন্নপূর্ণা ভান্ডারের অনুমোদনপত্র তুলে দেন অতিথিরা। অনুমোদনপত্র পেয়ে উপভোক্তাদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। তাঁদের অনেকেই জানান, এই আর্থিক সহায়তা দৈনন্দিন জীবনের ব্যয়ভার সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের আর্থিকভাবে দুর্বল ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে আবেদন যাচাই করে প্রকৃত উপভোক্তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়।

অনুষ্ঠান শেষে প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, অন্নপূর্ণা যোজনা জেলার বহু পরিবারের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*