নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার কৃষ্ণনগরে জেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসনিক ভবন থেকে রবীন্দ্রভবন পর্যন্ত অনুষ্ঠিত পদযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং প্রশাসনিক আধিকারিকরা অংশগ্রহণ করেন।

পদযাত্রার সূচনা করেন জগন্নাথ সরকার। পরিবেশ সংরক্ষণ, দূষণ রোধ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

পদযাত্রা শেষে রবীন্দ্র ভবন-এ প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল “একটি গাছ মায়ের নামে”। এই উদ্যোগের মাধ্যমে প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করানো হয়। পাশাপাশি রবীন্দ্রভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। তাই সকলকে বেশি করে গাছ লাগানো ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।

Be the first to comment