ফলতার রাস্তায় ঘোরানো হল জাহাঙ্গির খানকে

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁকে ঘিরে আছেন বেশ কয়েকজন উর্দিধারী। আছেন কেন্দ্রীয় বাহিনী র নিরাপত্তা রক্ষী ও। পরণে সাদা কলার দেওয়া গেঞ্জি, কালো হাফ প্যান্ট পরিহিত “পুষ্পা” জাহাঙ্গির খান কে আজ ফলতার রাস্তায় দেখে বিস্মিত হন সাধারণ মানুষ। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না এই সেই জাহাঙ্গির খান, যাঁর দাপটে তটস্থ হয়ে থাকতেন ফলতার সাধারণ মানুষ।
তিনি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ, এমন খবরও খুব বেশি মানুষ জানতেন বলে মনে হয় না। বিধানসভা নির্বাচনে তৃণমূল তাঁকে ফলতায় প্রার্থী করে। ক্রমে প্রকাশ্যে আসে তাঁর একাধিক কার্য কলাপ। নির্বাচন কমিশনের কঠোর নজরদারিতে থাকা রাজ্যে দক্ষিণ ২৪ পরগণার পুলিশ পর্যবেক্ষক হয়ে আসেন উত্তর প্রদেশের দাপুটে আইপিএস অজয় পাল সিং। আচমকাই একদিন গোটা রাজ্যকে সচকিত করে জাহাঙ্গির খানের বাড়ি পৌঁছে যান সিংহম বলে নাম কেনা আইপিএস অজয় পাল সিং। অনুপস্থিত জাহাঙ্গির খানের উদ্দেশ্যে রীতিমত হুঁশিয়ারি দিয়ে আসেন। মুহূর্তে ভাইরাল হওয়া সেই ভিডিও এলাকাবাসীর মনে অনেকটাই সাহস এনে দেয়।
এরপরের ইতিহাস সবাই জানেন। রাজ্যে পালাবদলের পর এবার পুলিশের জালে আছেন একদা দাপুটে তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। আজ সেই দাপুটে জাহাঙ্গির খানকে নিয়ে পুলিশ হাঁটিয়ে এলাকার বহু জায়গায় নিয়ে যায়। পথের দু-পাশে উৎসুক এলাকাবাসী বিস্ময়ের সঙ্গে এই দৃশ্য দেখেন। সূত্রের খবর, তাঁর বাড়িতেও পুলিশ তাঁকে নিয়ে যায়। তাঁর বিভিন্ন অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্যই এই অভিনব সফর বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*