কয়লা পাচার মামলায় বারাবণি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করল ইডি

Spread the love

রোজদিন ডেস্ক : কয়লা পাচার মামলায় অবশেষে বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করল ইডি। বৃহস্পতিবার তাঁকে দফতরে তলব করেছিলেন ইডি আধিকারিকরা। সেখানেই জেরায় একাধিক অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করল ইডি। এর আগে এই মামলায় একাধিকবার তলব করলেও ইডির তলব এড়িয়ে যান তিনি। অবশেষে পালাবদলের পর বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রে খবর, কয়লা মাফিয়াদের হাতে টাকা পৌঁছে দিতেন এই মনোরঞ্জনই। সেই সম্পর্কিত তথ্য পেতে তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইডির দাবি, তার উত্তরে একের পর এক অসঙ্গতি ধরা পড়েছে। জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। এরপরই বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি। কয়লা পাচার মামলার তদন্তে আদালতে রিপোর্টও জমা দিয়েছে ইডি। সেখানে তদন্তকারীরা দাবি করেন, পুলিশ-মাফিয়া যোগসাজশেই চলত কয়লা পাচারের সিন্ডিকেট। কয়লা পাচারে প্রোটেকশন দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়েছেন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। আদালতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও ট্রাকজ্যাকশন আইডি সহ একাধিক তথ্য উল্লেখ করে ইডি জানিয়েছিল, বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে তার অ্যাকাউন্টে। রিপোর্টে ইডির দাবি, বারাবনি থানায় থাকাকালীন একাধিক হাত ঘুরে তার কাছে পৌঁছে যেত টাকা। এই মামলার তদন্তে কিছুদিন আগে তার দুর্গাপুরের বাড়িতেও হানা দিয়েছিল ইডি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*