রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার বাগনানে দুষ্কৃতিদের আক্রমণে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র বাড়ি যান। গত ১৭ জুন তিনি প্রাণ হারিয়েছেন। সেখানে তাঁর স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।
সেখান থেকে বেরিয়ে সাংবাদিক দের বলেন, আগে এমন অনেক ঘটনায় বিচার হয়নি, তাই ওদের আস্ফালন এখনও আছে। নাম না করলেও তাঁর নিশানা তৃণমূলের দিকে বলে ইঙ্গিত মেলে। মুখ্যমন্ত্রী বলেন, বাগনানে এক মূক বধির মহিলা ধর্ষিত হয়েছিলেন, কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই ধরনের ঘটনায় জড়িত, অবৈধ বাড়ি, দুর্নীতি ইত্যাদিতে যুক্ত, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবার ও বলেন, এখন শাসকের আইন না, আইনের শাসন চালু হয়েছে। এটা রক্ষা করা তাঁরই দায়িত্ব। যাঁদের ত্যাগের বিনিময়ে রাষ্ট্রবাদী সরকার হয়েছে,তা রক্ষার দায়িত্ব তাঁর। এই হত্যার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে। ১০ জন গ্রেফতার হয়েছে। ৫১ জনের নামে অভিযোগ। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বাকি ৪১ জন যেখানেই থাক, ধরতে তিনি নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, নিহত প্রশান্ত দে-র পরিবারকে আগে ৪ লক্ষ টাকা দেওয়া হয়, আজ তিনি আরও ৫ লক্ষ টাকা দিলেন। যদিও টাকা দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ করা যায় না।
নিহত প্রশান্ত দে-র বড় মেয়েকে বিডিও অফিসে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা সব কিছু আইন মেনেই করছেন। জাতি, ধর্ম, দল নির্বিশেষে আইন সবাইকে মানতেই হবে।

Be the first to comment