বার্ষিক বেতন ৭ হাজার ৭৭৪ কোটি টাকা! শঙ্খ মিত্র

এক বাঙালি যুবকের রূপকথা হয়ে ওঠার কাহিনি

Spread the love

রোজদিন ডেস্ক : এক বছরে বেতন ৭ হাজার ৭৭৪ কোটি টাকা! ভুল নয়, একদম ঠিক পড়ছেন। এটা কী স্বপ্ন, না বাস্তব? ভাবছেন, এমনও হয়? উত্তরটা ছোট, হ্যাঁ, এমনও হয়। কয়েক কোটিতে একটা হয়। যেমন আমাদের শঙ্খ। “আমাদের” বললাম কেন? তাহলে শুনুন এক বাঙালি যুবকের রূপকথা হয়ে ওঠার গল্প। পুরো নাম শঙ্খ মিত্র। আদ্যন্ত বাঙালি শঙ্খর পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেই শঙ্খই আজ টক্কর দিচ্ছে দুনিয়ার পয়লা নম্বর ধনকুবেরকে। তাঁর ঘাড়ের ওপর নিঃশ্বাস পড়ছে এক বাঙালি সন্তানের। বিশ্বের সর্বোচ্চ বার্ষিক বেতনের দৌড়ে এই গ্রহে তাঁর সামনে এখন শুধু একজনই, ইলন মাস্ক। শঙ্খ দ্বিতীয়। যাদবপুরের প্রাক্তনীর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে বাংলায়। সবাই খোঁজ নিচ্ছে, কোথায় থাকে, কী করে, কোথায় পড়তো? সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে এই খবর। পেশায় একজন বিনিয়োগ বিশেষজ্ঞ শঙ্খ মিত্র জন্মসূত্রে বাঙালি। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা ভারতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। তারপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র পাড়ি।

কলম্বিয়া বিজনেস স্কুল থেকে এমবিএ শেষ করে পেশাদার জীবন শুরু করেন প্রাইস ওয়াটার হাউস কুপার্সের হাত ধরে। পরবর্তী কালে সরে আসেন ইনভেস্ট ম্যানেজমেন্টের দুনিয়ায়। একাধিক সংস্থায় উচ্চপদে কাজ করার পর এখন তাঁর ঠিকানা আমেরিকার প্রথম সারির রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সংস্থা ওয়েলটাওয়ার। মূলত স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করে তারা। ২০১৬ সালে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট হিসেবে যোগ দেন শঙ্খ। ২০২০ সালে সংস্থার সিইও পদে উন্নীত হন এবং বোর্ড অফ ডিরেক্টর্স-এর সদস্য হন তিনি।

তথ্য বলছে, এই সংস্থায় গত আর্থিক বছরে বেতন হিসেবে তিনি ভারতীয় মুদ্রায় ‘মাত্র’ ৭ হাজার ৭৭৪ কোটি টাকা রোজগার করেছেন। তবে এর পুরোটা তিনি হাতে পাবেন না৷ আয়ের একটি অংশ কোম্পানির শেয়ার হিসেবে তাঁর ঘরে আসবে।

তবে এত সব ধানাই পানাই নিয়ে পাঁচ পাবলিকের ভেবে কাজ নেই। কারণ এর মধ্যে
অনেকেই এখন ৭-৭-৭-৪ কোটি টাকা মানে ঠিক কতো, সেই হিসেব করতে বসে গিয়েছেন। এই হারে বেতন পেলে দশ বছর পর শঙ্খ মিত্রর আয় ঠিক কত হবে, চলছে তারই চুলচেরা হিসেব নিকেশ। ছাপোষাদের যা দৌড় আরকি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*