রোজদিন ডেস্ক :
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শীর্ষ আদালতের প্রাক্তন বিচার পতি রঞ্জনা দেশাই এর নেতৃত্বে কমিটি গঠন করছে রাজ্য। আজ বিধান সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। কমিটি চার সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। আগামী ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, আগামী আগস্ট মাসে দেওয়ানি বিধি নিয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হবে। এই বিধি হলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান , সব সম্প্রদায়ের ক্ষেত্রে একই আইন লাগু হবে। তবে আদিবাসী, জনজাতিরা এই আইনের আওতায় আসবেন না।
এই বিল তৈরির জন্য গুজরাট, অসম, উত্তরাখন্ডের অভিন্ন দেওয়ানি বিধি ভিত্তি হিসাবে ধরা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিজেপির নির্বাচনী সঙ্কল্প পত্রে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিশ্রুতি ছিল,তাঁরা তা বাস্তবায়ন করবেন।
প্রস্তাবিত কমিটিতে চেয়ারপার্সন রঞ্জনা দেশাই ছাড়া একজন করে অবসরপ্রাপ্ত আইএএস, আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগের একজন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে থাকবেন বলে মুখ্যমন্ত্রী জানান।
মুখ্যমন্ত্রী এই সব বলার সময় ঋতব্রতপন্থী বিধায়করা বিরোধিতা করে ধ্বনি দেন। মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়ে দেন, কারও কোন আপত্তি, মতামত থাকলে তাঁরা সরাসরি কমিটিকেই জানাতে পারবেন।

Be the first to comment