রোজদিন ডেস্ক: শিয়ালদহ ফ্লাইওভারের নীচে হকার উচ্ছেদের নোটিশের উপর আপাতত ৯ জুলাই পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কারণ, যে নোটিশ জারি করা হয়েছে, সেটা কলকাতা পুরনিগমের পক্ষ থেকে করা হয়েছে কি না, সেটাই স্পষ্ট নয়। বৃহস্পতিবার মামলার শুনানিতে এই কথা বলেন মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ সে জন্য পুরনিগমের মতামত জানাতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। পুরনিগমের বক্তব্য শোনার পর এই মামলার শুনানি হবে ৷ যদিও এদিন কলকাতা পুরনিগমের পক্ষ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে বলেন, পুর প্রশাসক সম্ভবত এই নোটিশ জারি করেছেন ৷ এই ধরনের মামলা আসলে বেআইনি দখলদার দখলে মদত দেওয়ার জন্যই করা হয়েছে ৷ তবে একই সঙ্গে তিনি আদালতে মৌখিক ভাবে আশ্বাস দেন, আপাতত আদালতের পরনর্তী নির্দেশ না-পাওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ করা হবে না ৷

Be the first to comment