অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল টিআরপি প্রকাশ, ‘বার্ক’-কে কড়া নির্দেশ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

Spread the love

রোজদিন ডেস্ক: গোটা দেশের টেলিভিশন জগতের জন্য খারাপ খবর। চলতি সপ্তাহ থেকে আপাতত প্রকাশিত হবে না কোনও টেলিভিশন প্রোগ্রামের টিআরপি। ‘বার্ক’ বা ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলকে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই নির্দেশ অনির্দিষ্টকালের জন্য বলবত করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, আপাতত খবর হোক বা বিনোদন, কোনও ধরনের টেলিভিশন অনুষ্ঠানের টিআরপি রিপোর্ট প্রকাশ করতে
পারবে না ‘বার্ক’। কারণ হিসেবে বলা হয়েছে, যতক্ষণ না ‘বার্ক’-এর লাইসেন্স নবীকরণ করা হচ্ছে এবং যতদিন না ২০২৬ সালের টেলিভিশন রেটিংস নীতির সব শর্ত পুরোপুরি মানা হচ্ছে, ততদিন তারা কোনও টিআরপি রিপোর্ট প্রকাশ করতে পারবে না। এদিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই নির্দেশের জেরে বিপাকে পড়েছে টেলিভিশন চ্যানেল ও তাদের সঙ্গে যুক্ত প্রোডাকশন হাউস বা নির্মাতারা। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার টিআরপি রিপোর্টের অপেক্ষায় থাকেন তারা। কারণ, টিআরপির ওপরই নির্ভর করে একটি অনুষ্ঠানের আয়ু। ফলে বিপাকে পড়েছেন টেলিভিশনের পরিচালক প্রযোজক, অভিনেতা ও কলাকুশলীরা। বিপাকে চ্যানেল কর্তারাও। এই নির্দেশের পর এখন কী হবে ভেবে কূলকিনারা পাচ্ছেন না তারা। কারণ, একটি টিভি প্রোগ্রাম দর্শক কতটা নিচ্ছেন সেটার মানদণ্ড হল ওই টিআরপি। তার ওপরই নির্ভর করে প্রোগ্রাম চলবে কিনা। এ ছাড়াও চ্যানেলগুলির রোজগারও নির্ভর করে তাদের টিআরপির ওপর। ফলে তাদের ব্যবসাও মার খাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সবমিলিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই নির্দেশ টেলিভিশন দুনিয়ার সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*