রোজদিন ডেস্ক :
বারুইপুরে পুকুর থেকে বস্তাবন্দি এক বালিকার মৃতদেহ উদ্ধার নিয়ে আজ প্রবল উত্তেজনা দেখা দেয়। বালিকাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে উত্তাল হয় এলাকা। ধর্ষণে অভিযুক্ত সন্দেহে এক যুবক গণপিটুনিতে প্রাণ হারান। সকাল থেকে দফায় দফায় উত্তেজিত জনতার বিক্ষোভ, প্রতিবাদে রণক্ষেত্র হয়ে ওঠে ধপধপি এলাকার সূর্যহাট। পুলিশ গেলে আক্রান্ত হয়। ভাঙচূর হয় পুলিশের গাড়ি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বালিকার শোকার্ত বাবার সঙ্গে ফোনে কথা বলেন। তাঁকে আগামী মঙ্গলবার ভবানী ভবনে যেতে বলেন। আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্কর প্রসাদ বাড়ুই এই মর্মান্তিক ঘটনায় দোষীদের ছাড়া হবে না বলে আশ্বাস দিয়েছেন।
আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ, অবরোধের জেরে শিয়ালদহ – নামখানা শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। পাঁচ ঘন্টা বন্ধ থাকে রাস্তাও।
স্থানীয় সূত্রের খবর, গতকাল বিকেল থেকে বারো বছরের বালিকাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির কাছে এক পুকুর থেকে তার নিথর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অভিযোগ, চার জন তাকে তুলে নিয়ে গেছিল।।ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এর প্রতিবাদে তার দেহ আটকে তুমুল বিক্ষোভ করেন স্থানীয় মানুষদের একাংশ।
এই ঘটনায় যুক্ত সন্দেহে এক যুবককেও পিটিয়ে মারা হয়। তাঁকে এই ঘটনায় সন্দেহভাজনদের সঙ্গে ঘুরতে দেখা গেছে বলে অভিযোগ। সেও অন্যতম সন্দেহভাজন বলে স্থানীয় মানুষ জানান। পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। উত্তেজিত জনতা পুলিশকে ঢিল ছোঁড়ে। গাড়ি ভাঙচুর করা হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়। বালিকার দেহ কোন রকমে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজই জরুরি ভিত্তিতে তার ময়নাতদন্ত হবে বলে জানা যায়।
পরিবার সূত্রে প্রকাশ, গতকাল বিকেলে খাবার কিনতে বেরিয়ে বালিকা আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে পুকুর থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ।
পরে মুখ্যমন্ত্রীর আশ্বাস, পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। পুলিশ মাইকিং করে তাঁদের শান্ত হতে আর্জি জানান। আইজি ( প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্কর প্রসাদ বাড়ুই জানান, এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড়া হবে না। তিনি স্থানীয় মানুষজনকে তদন্তে সহযোগিতার আহবান জানান। তিনি নিজে হাসপাতালে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্তের ব্যবস্থা করবেন বলে জানান।
বালিকার শোকার্ত বাবা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তিনি তাঁদের সব দাবি শোনার, সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।
এলাকার পরিস্থিতি থমথমে। অভিযুক্তদের ধরার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment