রোজদিন ডেস্ক : বারুইপুরে নাবালিকা ‘ধর্ষণ ও খুনকে দুপুর থেকে তুমুল উত্তেজনা। ঘটনায় দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ঘটনার পর রাতে মৃতার পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপরই এক ভিডিও বার্তায় সন্ধ্যে থেকে তাঁর বাড়ির সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। শনিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর বারুইপুরের ১১ বছরের এক নাবালিকার দেহ রবিবার ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ পরিবার ও স্থানীয়দের। এরপরই উত্তপ্ত বারুইপুর। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় আচমকা কালীঘাটে মমতা ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির সামনে হাজির হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু প্রশাসনের তরফে তার কোনও সদুত্তর দেওয়া হয়নি। পুলিশ মোতায়েনের পরই ফুঁসে উঠেন তৃণমূলনেত্রী। এক ভিডিও বার্তায় বারুইপুর কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, মৃতার পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। এরপরই পুলিশ মোতায়েন নিয়ে একরাশ ক্ষোভ উগরে তিনি বলেন, আমি যাতে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে না পারি, তাই আচমকা এত পুলিশ মোতায়েন। কিন্তু আমি ওই পরিবারের সঙ্গে কথা বলেছি। কিন্তু প্রশ্ন হল, এমন কী ঘটল যে হঠাৎ আমার বাড়ির সামনে সিআরপিএফ, আরপিএফ মোতায়েন করা হল? আমরা চোর না ডাকাত? কোনও দিন দাঙ্গা করেছি? আমি তো একা যাব বলেছিলাম। আমাকে নিয়ে এত চিন্তা কেন? এত ভয়? আমাকে নজরবন্দি করা হল কেন?

Be the first to comment