রোজদিন ডেস্ক: কলকাতায় কয়েক ঘন্টার ঝটিকা সফরে এসে নামী অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি যান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ বিকেলে তিনি অভিনেতা র দক্ষিণ কলকাতার বাসভবনে যান। সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ছিলেন। পরে উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি ও সেখানে গেছিলেন।
বেশ কিছুক্ষণ প্রসেনজিৎ এর সঙ্গে অমিত শাহ র কথা হলেও কি নিয়ে কথা হয়েছে জানা যায় নি।
সূত্রের খবর, পদ্মশ্রী সম্মান গ্রহণ করতে কিছুদিন আগে দিল্লি গেছিলেন প্রসেনজিৎ। সেখানে অমিত শাহের সঙ্গে দেখা হলে তাঁকে কলকাতার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন উপলক্ষে এক গুচ্ছ কর্মসূচি তে সোমবার কলকাতা আসেন অমিত শাহ। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। সেখান থেকে সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি র বাড়ি যান।
এটি সৌজন্য সাক্ষাত বলে জানা গেছে। যদিও এর নেপথ্যে রাজনৈতিক কারণ থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আজ অমিত শাহ প্রসেনজিৎ কে বেশ কিছু বই উপহার দিয়েছেন। যা নিয়ে আপ্লুত অভিনেতা। সমাজ মাধ্যমে অমিত শাহ কে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। অমিতজির সঙ্গে সেই উপহারের ছবি পোস্ট ও করেছেন। তিনি যে বই পড়তে ভালবাসেন, তা সর্বজনবিদিত। স্বরাষ্ট্র মন্ত্রী তাঁকে বই উপহার দেওয়ায় খুব ই খুশি প্রসেনজিৎ।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও তাঁর বাড়ি গেছিলেন। সমাজ মাধ্যমে প্রশ্ন উঠেছে তবে কি রাজনীতির অঙ্গনে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ কে ও? তাঁর বাবা মুম্বাই প্রবাসী বিশ্বজিৎ দীর্ঘ দিন ধরেই বিজেপি র সমর্থক, এক সময় সক্রিয় কর্মী ও ছিলেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমর্থনে বহু প্রচার ও করেছেন। এবার প্রসেনজিৎ ও সেই পথের পথিক হবেন কিনা তা নিয়ে চর্চা চলছে।
সামনেই রাজ্যের তিনটি রাজ্যসভা আসনে নির্বাচন। রাজ্যে ক্ষমতায় আসা বিজেপি র পক্ষে কাকে প্রার্থী করা হবে এখনও ঘোষণা করা হয় নি।
অন্যদিকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায় ও এইদিন অমিত শাহর সঙ্গে দেখা করেন। রাজ্যে পালাবদলের পর তিনি ও রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। যে তিন আসনে নির্বাচন হবে, তার একটি আসনের তিনি সাংসদ ছিলেন।
রাজনৈতিক মহলে গুঞ্জন, তিনি ই কি এবার বিজেপি র প্রার্থী হবেন?
এই সব নানা আলোচনায় সরগরম রাজনৈতিক মহল।

Be the first to comment