রমিত সরকার, নদীয়া :
নদীয়ার মায়াপুর ইসকনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ধর্মীয় উৎসবের আবহ এখনো অব্যাহত। গত ১৭ জুলাই রথযাত্রার দিন রাজাপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে সুসজ্জিত রথে চড়ে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও শুভদ্রাদেবী মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণের পঞ্চতত্ত্ব মন্দিরে, অর্থাৎ অস্থায়ী ‘মাসির বাড়ি’-তে গমন করেন। সেই দিন থেকেই শুরু হয়েছে সাতদিনব্যাপী বিশেষ পূজা ও ছাপান্ন ভোগ নিবেদনের অনুষ্ঠান।
এই সাতদিন ধরে প্রতিদিন নিয়ম মেনে বৈদিক মন্ত্রোচ্চারণ, আরতি, কীর্তন এবং বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে প্রভুর সেবা করা হচ্ছে। ভক্তদের বিশ্বাস, মাসির বাড়িতে অবস্থানকালে প্রভুকে ছাপান্ন প্রকারের সুস্বাদু নিরামিষ ভোগ নিবেদন করলে তাঁর বিশেষ কৃপা লাভ করা যায়। সেই উপলক্ষে প্রতিদিনই দেশ-বিদেশের অসংখ্য ভক্ত মায়াপুরে উপস্থিত হয়ে প্রভুর দর্শন ও প্রসাদ গ্রহণ করছেন। মন্দির প্রাঙ্গণজুড়ে ভক্তিমূলক সঙ্গীত, হরিনাম সংকীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা।

আগামীকাল উল্টো রথ বা পুনরযাত্রার মধ্য দিয়ে এই সাতদিনের বিশেষ পর্বের সমাপ্তি ঘটবে। জানা গেছে, দুপুর প্রায় ১টায় বিশেষ পূজার্চনা ও ভোগ নিবেদনের পর শুরু হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনরযাত্রা। সুসজ্জিত রথে চড়ে প্রভু জগন্নাথ, বলদেব ও শুভদ্রাদেবী পুনরায় রাজাপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন। এই পুনরযাত্রাকে ঘিরেও হাজার হাজার ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও রাজাপুরের রথযাত্রা ও উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে মায়াপুরে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে, যেখানে দেশ-বিদেশের ভক্তরা একসঙ্গে মিলিত হয়ে প্রভু জগন্নাথের আশীর্বাদ লাভের আশায় অংশ নিচ্ছেন।

Be the first to comment