প্রতিবেদন: শুক্রবার দুপুরে বামপন্থী ও সিজেপির নিট প্রতিবাদীদের আন্দোলনের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। পুলিশ ও সংবাদমাধ্যমের উপর ওঠে হামলার অভিযোগ। এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল প্রশাসন। ৬টি অভিযোগ দায়ের হল থানায়। হেয়ার স্ট্রিট থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। এছাড়া, সাংবাদিক নিগ্রহের ঘটনায় ৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর এসএসকেএমে ভর্তি জখম সাংবাদিকদের দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে ধর্মতলার ঘটনার কড়া নিন্দা করেন মুখ্যমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন তিনি। ঘটনার পরই তৎপর হয়েছে পুলিশও। ইতিমধ্যে বেশ কিছু ভিডিয়ো ফুটেজ পরীক্ষা করা হয়েছে। একাধিক ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের চিহ্নিতও করা হয়েছে বলে খবর। এরই মধ্যে একাধিক ধারায় পুলিশে মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে রয়েছে বেআইনি জমায়েত, বেআইনি জমায়েত থেকে অপরাধ সংগঠিত করা, সরকারি কর্মীদের কাজে বাধাদান ও মারধর করা, রাস্তা অবরোধ, শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে উস্কানি ও বিদ্বেষ ছড়ানো, সরকারি আদেশ অমান্য করা, একই উদ্দেশ্য নিয়ে একাধিক ব্যক্তির অপরাধ সংগঠিত করা। লালবাজারের খবর, যাঁরা এই ঘটনার নেপথ্যে ছিলেন, ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রতিবাদে শনিবার প্রতিবাদ মিছিলে অংশ নেবেন বিজেপি বিধায়করা। দুপুর ১টার সময় কালো ব্যাচ পরে বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করবেন তাঁরা।

Be the first to comment