রোজদিন ডেস্ক :
কলকাতায় গত শুক্রবারের নিট বিরোধী আন্দোলনে গিয়ে প্রধানমন্ত্রীর ছবি হাতে দেখা গেছিল তাঁকে। এবার সেই ছবি ছড়িয়ে পড়তে তাঁর বিরুদ্ধে পুলিশে নালিশ ঠুকেছেন বিজেপি নেতা নেত্রীরা। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি হাতে নিয়ে শ্রীলেখা তাঁকে চরম অপমান, অবমাননা করেছেন।
আজ আনন্দপুর থানায় শ্রীলেখা মিত্রর নামে নালিশ ঠুকেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর থানা সহ অন্যত্রও নালিশ হয়েছে বলে জানা যায়।
প্রধানমন্ত্রীর এই বিকৃত ছবি নিয়ে ছবি তোলায় শ্রীলেখা মিত্রকে গ্রেফতারের দাবি করেছেন কেয়া ঘোষ।
অন্যদিকে অভিনেত্রী বলেন, ওই ছবিটি কি ছিল তিনি দেখেনওনি। একজন ছবিটি তাঁর হাতে দিয়ে ছবি তুলেছেন। স্পষ্টবাদী শ্রীলেখা মিত্র বলেন, তিনি বিজেপি বিরোধী। ওই আন্দোলনে তিনি গেছিলেনও। কিন্তু তাঁকে দেশদ্রোহী দেগে দেওয়া হাস্যকর। এরপর স্বভাবজাত ভঙ্গিতে তিনি বলেন, এই অপরাধে যদি তাঁকে গ্রেফতার করা হয় তো হোক!! তিনি নিট নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন জানিয়ে শ্রীলেখা মিত্র বলেন, তখন পুলিশ লাঠি চালাচ্ছিল। কোনও মতে কেউ একজন ছবিটি হাতে দেওয়ায় তা দেখেনওনি ঘুরিয়ে কি আছে! ভিড়ের মধ্যে চোখে চশমা না থাকায় দেখতেও পাননি।
বামমনস্ক হিসাবে পরিচিত শ্রীলেখার বিরুদ্ধে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগে হৈ হৈ করে প্রচারে নেমেছে গেরুয়া শিবির।
পুলিশ তা খতিয়ে দেখছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেছেন শ্রীলেখা মিত্রকে গ্রেফতার করা না হলে তাঁরা আদালতে যাবেন।

Be the first to comment