প্রতিবেদন: আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনই রাস্তায় বেরিয়ে সমস্যার মুখে পড়তে চলেছে শহরবাসী। মিলবে না অ্যাপ ক্যাব পরিষেবা। ভাড়াবৃদ্ধি-সহ ১১ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দিয়েছে সিটু ক্যাব চালক সংগঠন। এর জেরে সোমবার সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের এলাকায় অ্যাপ ক্যাব পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হতে পারে। এর জেরে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। সিটুর তরফে জানান হয়েছে, দীর্ঘদিন ধরে চালকরা একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। সেই সব সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এই কর্মবিরতির সিদ্ধান্ত। তাঁদের প্রধান দাবিগুলি হল, অ্যাপ ক্যাব ও গাড়ির ভাড়ার হার অবিলম্বে বদলাতে হবে। বাণিজ্যিক ক্ষেত্রে প্রাইভেট বাইক এবং গাড়ির ব্যবহার কঠোরভাবে বন্ধ করতে হবে। কলকাতায় সিএনজি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা মেটাতে হবে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র করানোর সময় মোবাইল নম্বর ব্যবহারের নিয়ম বাতিল করতে হবে। এসি লাক্সারি ক্যাবের ভাড়াবৃদ্ধি করতে হবে। সিটু নেতৃত্ব বলছেন, পূর্বতন সরকারের কাছেও এই দাবি জানান হয়েছিল। নতুন সরকারের কাছেও এই দাবি রাখা হয়েছে, কিন্তু কোনও সদুত্তর মেলেনি। সোমবারের ধর্মঘট সফল করতে ও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বড়সড় কর্মসূচির ডাক দিয়েছে সংগঠন। সোমবার সকাল ১১টায় কলকাতার মৌলালি রামলীলা পার্কে সমস্ত অ্যাপ ক্যাব চালকদের জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে সোজা রাজ্য পরিবহণ দফতরে যাওয়ার পরিকল্পনা করেছেন ক্যাব চালকরা। সেখানে তারা ডেপুটেশন জমা দেবেন।

Be the first to comment