রোজদিন ডেস্ক : ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার বিতর্কিত দলীয় কার্যালয় ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, আগামী ৬ অগাস্ট পর্যন্ত ওইখানে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। এই সময়ের মধ্যে কার্যালয় ভাঙা বা ঘটনাস্থলে কোনও পরিবর্তন করা যাবে না।।মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ জানান, ওই দিনই দুপুর ২টোয় ফের এই মামলাটি শুনবে কলকাতা হাইকোর্ট। এই সময়সীমার মধ্যে আমতলার ওই দফতর ভাঙা যাবে না।
এর আগে বেআইনি নির্মাণের অভিযোগে ১৮ জুলাই অভিষেকের ৫ তলা কার্যালয়ে বুলডোজার চালায় প্রশাসন। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অভিষেক। যে জমিতে কার্যালয়টি রয়েছে, তা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে কেনা হয়েছিল। প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর তরফে হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় ভাঙা বন্ধ রেখে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় আদালত। এই নিয়ে রাজ্য প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য চায় আদালত। মঙ্গলবার শুনানিতে রাজ্য জানায়, কার্যালয়ের যে অংশ নিয়ে অভিযোগ তা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি নয়। সংস্থার আইনজীবী জানান, তাঁর মক্কেলকে কোনও নোটিশ দেওয়া হয়নি। অভিযোগ কী, কোন নথির ভিত্তিতে বেআইনি নির্মাণ বলা হয়েছে, তাও দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পরেই ৬ অগাস্ট ফের শুনানির নির্দেশ দেন বিচারপতি।

Be the first to comment