প্রতিবেদন: বিদেশযাত্রার অনুমতি পেতে মরিয়া তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। আগামী ৩ অগাস্ট তার আবেদন শুনবে শীর্ষ আদালত। এর আগে চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই আবেদন খারিজ করে। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে এবার সরাসরি তিনি সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছে গেলেন। সুপ্রিম কোর্টে তাঁর আবেদনে অভিষেক জানিয়েছেন, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন তিনি। কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। এরপরও তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তাঁর চিকিৎসার জন্য করা আবেদনে সাড়া দিচ্ছে না হাইকোর্ট। সেজন্যই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এর আগে হাইকোর্টে রাজ্যের তরফে অভিষেকের বিদেশযাত্রার আবেদনের বিরোধিতা করা হয়েছিল। রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, শুধু ডিজে মামলা নয়। আর অনেক মামলায় জড়িত অভিষেক। এই অবস্থায় বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেকের রক্ষাকবচের মেয়াদ ৬ অক্টোবর পর্যন্ত বাড়ালেও তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেয়নি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment