পুলিশের উর্দি জোগাড় করে যন্তরমন্তরে নাশকতার ছক কষেছিল ধৃত হামিম ও তার বান্ধবী!

Spread the love

রোজদিন ডেস্ক : 

দিল্লির সাম্প্রতিক পড়ুয়া বিক্ষোভেও নাশকতার ছক কষেছিল ধৃত হামিম মন্ডল ও তাঁর বান্ধবী অর্পিতা সরকার!! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের এসটিএফ এর আইজি গৌরব শর্মা৷ জানান, ধৃত হামিম ও অর্পিতা পুলিশের উর্দি জোগাড় করে যন্তরমন্তরে নাশকতার ছকও করেছিলেন। তবে তাঁদের এই পরিকল্পনা সফল হয়েছিল কিনা তা পরিস্কার নয়।

উল্লেখ্য, গতকাল বর্ধমানের এক অভিজাত আবাসনের জিম থেকে জঙ্গি সন্দেহে হামিম মন্ডলকে গ্রেফতার করে এসটিএফ। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখতেন বলে জানিয়েছিল এসটিএফ। পুলওয়ামা কান্ডের মূল চক্রী পাকিস্তান মদতপুষ্ট কুখ্যাত জঙ্গি শাহজাদ ভাট্টি ও তার সঙ্গী আজমল গুজ্জরের সঙ্গে সরাসরি তাঁর যোগাযোগ ছিল। মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বেশ কয়েকজন রাজনীবিদকে তিনি নিশানা করেন বলে এসটিএফ জানায়। আজ ঝাড়খণ্ড থেকে তাঁর বান্ধবী অর্পিতা সরকারকেও গ্রেফতার করেছে এসটিএফ।

সূত্রের খবর, ধৃতদের কাছে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত বহু বিস্ফোরক, চাঞ্চল্যকর তথ্য মিলছে।

তাঁকে জঙ্গিরা নিশানা করা নিয়ে গতকাল সাংবাদিক দের বিশেষ কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, এই স্পর্শ কাতর বিষয় নিয়ে এসটিএফ যা বলার বলবে। তবে তিনি শুধু না, রাজ্যের অন্য মন্ত্রীরাও জঙ্গি নিশানায় আছেন। এটি শুধু তাঁর একার নয়, জাতীয় নিরাপত্তার ব্যাপার।

আজ এসটিএফের আই জি গৌরব শর্মা জানান, হাওড়ার এক রাজনীতিবিদের ছেলেকে অপহরণ করে টাকা আদায়ের পরিকল্পনা হচ্ছে (মন্ত্রী উমেশ রাই!) এর সঙ্গে একটি সংগঠন জড়িত। সেই সূত্রে ঝাড়খণ্ড থেকে অর্পিতা সরকারকে আজ গ্রেফতার করা হয়। গত চার বছর ধরে হামিম ও অর্পিতার যোগাযোগ আছে। তাঁদের প্রেমের সম্পর্ক আছে বলে এসটিএফ মনে করে।

হামিম মন্ডল কে জেরা করে আরও বেশ কিছু নাম পেয়েছে এসটিএফ। তাঁরা সবই পাকিস্তানের হ্যান্ডল। তারা শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত বলে তদন্তকারীদের ধারণা। তাদের মাধ্যমে মৌলবাদী প্রচার করে ব্রেন ওয়াশ করা হোত তরুণদের।

এর জন্য পাকিস্তান থেকে আর্থিক সহায়তা আসতো কিনা তা তদন্ত হচ্ছে।

গৌরব শর্মা আরও বলেন, মুখ্যমন্ত্রী কোথাও নিরাপত্তা ছাড়া আছেন কিনা এর ওপর নজরদারি করত এই জঙ্গিরা। এই রাজ্যে হামিমের বান্ধবী অর্পিতার আত্মীয় থাকে। সেখানে তিনি মাঝে মাঝে আসতেন, হামিমের সঙ্গে দেখা হোত বলে এসটিএফ জেনেছে। এই সব নিয়ে আরও তদন্ত, অনুসন্ধান করা হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*