আপনি বারবার আসবেন, তসলিমা নাসরিনকে বললেন মুখ্যমন্ত্রী, ভরা রবীন্দ্র সদনে আপ্লুত নির্বাসিত কবিও 

Spread the love

রোজদিন ডেস্ক :

বাম আমলে রাতারাতি তাঁকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল সরকার, তৃণমূলের পরিবর্তনের সরকার ও তাঁকে ফেরায় নি, দীর্ঘ প্রায় উনিশ বছর পর বিজেপি আমলে তাঁর প্রিয় শহরে এলেন নির্বাসিত কবি তসলিমা নাসরিন। শুধু এলেন ই না, ভরা রবীন্দ্র সদনে তাঁকে সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তসলিমা নাসরিনকে বললেন, আপনি বারবার আসবেন। এখানে তাঁর নিরাপত্তা, সুরক্ষার দায়িত্ব ও তাঁর বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। গোটা প্রেক্ষাগৃহ তুমুল করতালিতে এই ঘোষণাকে স্বাগত জানান।

আজ সকাল থেকে একের পর এক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে তিনি আসেন রবীন্দ্র সদনে, তসলিমা নাসরিন কে পুষ্প স্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁকে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতি উপহার দেন। জানিয়ে দেন, তাঁর জন্য এই শহরের দরজা সব সময় খোলা, যখনই তাঁর ইচ্ছা হবে তিনি চলে আসবেন, বারবার আসবেন।

মুখ্যমন্ত্রীর এই উদার আহবানে রীতিমত আপ্লুত তসলিমা নাসরিনও। তাঁর প্রিয় শহর কলকাতায় প্রায় দীর্ঘ উনিশ বছর পর এসেছেন তিনি। আজ গাঢ় নীল শাড়িতে নীলাম্বরী দৃশ্যত খুশি লেখক – কবি বলেন, মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও যে এসেছেন, তাঁকে সংবর্ধনা দিয়েছেন, তাঁর প্রিয় শহরে আসার সু্যোগ দিয়েছেন, ওঁর এই উদারতায় তিনি কৃতজ্ঞ। বক্তব্যর শুরুতেই তসলিমা বলেন, “আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় ১৯ বছর লেগেছে। নির্বাসিতের মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়। প্রতিটি বছর একটি বন্ধ দরজা৷ প্রতিটি মাস অপেক্ষা! প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। ”

আবেগঘন স্বরে তিনি বলেন, সেই দীর্ঘ অপেক্ষার পর এখানে এসে মনে হচ্ছে, তিনি শুধু একটি শহরে ফেরেননি, তাঁর হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছেন। যে ভালবাসা, সম্মান এখানে পেলেন, এর জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর এই ফেরার নেপথ্যে ওসমান গণির নিরলস প্রয়াসের কথা বলেন। জানান, প্রায় অসম্ভব বলে মনে হওয়া তাঁর ফেরার বন্ধ দরজায় তিনিই প্রথম সাহস করে কড়া নেড়েছিলেন। তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। এই রাজ্য ছাড়তে হওয়ায় ব্যথিত লেখকের কথায় আসে রাজ্যের প্রয়াত দুই বিশিষ্ট বুদ্ধিজীবী শিবনারায়ণ রায় ও অম্লান দত্তর নাম। যাঁরা তাঁকে অত্যন্ত স্নেহ করতেন, তাঁর ওই ভাবে চলে যাওয়ায় ব্যথিত হয়েছিলেন।।

মৌলবাদীদের সমালোচনা করায় নিজের জন্মভূমি থেকে নির্বাসিত তসলিমা নাসরিন বলেন, লেখকের জীবনকে রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তাঁর কথা বলার অধিকার, ভিন্ন মত প্রকাশের অধিকার, তাঁর কলমের স্বাধীনতাকেও রক্ষা করা।

যে কোন ধর্মের মৌলবাদের বিরুদ্ধে এখনও তাঁর সাহসী কলম, সাহসী বক্তব্য থামেনি। এখানে আসতে পেরে কৃতজ্ঞ তিনি, এর পাশে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তসলিমা নাসরিন বলেন, কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়। এর বিনিময়ে তিনি নিজের স্বাধীন চিন্তাকে বন্ধক দেবেন না।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*