রোজদিন ডেস্ক : বারুইপুরে এক নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু হয়। এই ঘটনায় তদন্তকারী সংস্থা বদলের আবেদন জানিয়ে নতুন মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এই মামলা দায়ের করেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। বারুইপুরের ওই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। মৃত্যুর পর পুলিশি বয়ান অনুযায়ী, ওই ঘটনার পুনর্নির্মাণের সময় প্রভাস পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকে মেরে পালানোর চেষ্টা করে। তখনই আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের সিআইডি। কিন্তু তাদের তদন্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে এ বার প্রশ্ন তোলা হল হাইকোর্টে। এখনও পর্যন্ত বারুইপুর এনকাউন্টার নিয়ে মোট চারটি মামলা দায়ের হল। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাগুলির শুনানি হচ্ছে। আগামী ১৮ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। মামলাকারীর বক্তব্য, যে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে, সেই পুলিশই কীভাবে তার তদন্ত করে? তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থা পরিবর্তনের আর্জি জানান তিনি।

Be the first to comment