বাড়ছে না বাড়ি, গাড়ির ইএমআই, অপরিবর্তিতই রইল রেপো রেট, ঘোষণা আরবিআইয়ের

Spread the love

প্রতিবেদন: যুদ্ধের আবহে মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। এখনই বাড়ছে না বাড়ি, ফ্লাট বা গাড়ির ইএমআইয়ের খরচ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আদৌ থামবে কিনা, সেই নিয়ে টানাপোড়েন জারি। তার জেরে ওঠানামা করছে আন্তর্জাতিক বাজারও। তার মধ্যেই রেপো রেট নিয়ে নতুন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের তিনদিনের মনিটরি পলিসি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্র জানিয়েছেন, সকলের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেপো রেট নিয়ে। আপাতত অপরিবর্তিত থাকছে রেপো রেট। ফলে বাড়ি, গাড়ির ইএমআই বৃদ্ধির সম্ভাবনা নেই আপাতত। নিয়ম অনুযায়ী দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। এই বৈঠকে কমিটির ৬ সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন। গত বছর ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল। এতদিন পর্যন্ত সেটাই বহাল ছিল। অর্থাৎ আগামী দু’মাস পর্যন্ত ৫.২৫ শতাংশই থাকছে রেপো রেট। আরবিআই গভর্নর আরও জানান, ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বেড়েছে জ্বালানির দাম। তবে প্রতিকূল পরিস্থিতিতেও ভারতীয় অর্থনীতির ফলাফল ভালো হয়েছে প্রথম ত্রৈমাসিকে। যদিও ভারতীয় অর্থনীতি নিয়ে ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাঁচাতে দেশের সঞ্চিত সোনা রেকর্ড দামে বিক্রি করেছে মোদি সরকার। সেই খবর ভুয়ো বলে দাবি করেছে আরবিআই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*