রোজদিন ডেস্ক :
ক্ষমতার জন্য নয়, দেশকে সঠিক পথে ফেরাতে তিনি বাংলাদেশে ফিরবেনই বলে পদচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দৃঢ়ভাবে জানিয়েছেন। ওখানে ফিরলে যে তাঁর প্রাণের ঝুঁকি আছে, তাও সম্যক জানেন তিনি। কিন্তু তার পরোয়া করেন না, তাঁর ভারতে চলে আসার পর গত দু বছরে বাংলাদেশ সব দিকে যে ভাবে পিছিয়ে পড়েছে, সেই প্রতিকূল পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করাই তাঁর একমাত্র লক্ষ্য বলে জানান।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আজকের ভার্চুয়াল সাংবাদিক বৈঠক নিয়ে গত কদিন ধরেই রাজধানী দিল্লি সরগরম ছিল। বাংলাদেশ এই নিয়ে প্রশ্ন তোলায় গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, এর সঙ্গে ভারত সরকারের কোন সম্পর্ক নেই। আজ সেই প্রতীক্ষিত ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা জানিয়ে দেন, ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন।
কিছুটা আবেগ ঘন ভাবে তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। তাই ওই মাসেই তিনি ফিরবেন। তাঁর বিশ্বাস, ওখানকার মানুষ অনেক ভুগেছেন, তিনি আর তা নিতে পারছেন না, ওরা তাঁকে মেরে ফেলতে পারে, কিন্তু তাঁকে ফিরতেই হবে। দেশের সাধারণ মানুষের সমর্থন তাঁর জন্য খুব গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনা বলেন, তিনি নিজের লোকদের কাছে ফিরে যাবেন। তাঁর দেশের মানুষ যখন ভুগছেন, তখন প্রাণের ভয় তাঁকে কর্তব্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, ওখানকার আমজনতার পাশে দাঁড়াতে তিনি ফিরতে চান।
উল্লেখ্য, দুবছর আগে এই আগস্টেই দেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি।
মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রাক্তন অস্থায়ী সরকারের আমলে তাঁর বিচার করে মৃত্যুদন্ডও দেওয়া হয়।
সেই সব অগ্রাহ্য করেই এবার দেশে ফিরতে চান মুজিব কন্যা শেখ হাসিনা।

Be the first to comment