প্রতিবেদন: আপাতত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সারপ্লাস বা উদ্বৃত্ত বদলি করা যাবে না। বুধবার এই সংক্রান্ত এক মামলার অন্তর্বর্তীকালীন নির্দেশে এমনই জানালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়েক জানান, রাজ্য সারপ্লাস বদলির নতুন এসওপি অনুযায়ী তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া চালাতে পারবে। শিক্ষকরা বদলির আবেদনও জমা দিতে পারবেন। তবে কাউকে এখনই বদলি করা যাবে না। আগামী বুধবার ১২ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। সম্প্রতি ১৫ ও ২৪ জুলাই দু’দফায় সারপ্লাস বদলির এসওপি প্রকাশ করে রাজ্য। বলা হয়, ছাত্র ও শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত। তবে মামলাকারী শিক্ষকদের অভিযোগ, বদলির ক্ষেত্রে বয়স ও কর্মজীবনের অগ্রাধিকার নিয়ে বিভ্রান্তি রয়েছে। ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতি ৩০ জন পড়ুয়ায় জন্য একজন শিক্ষক থাকার কথা। কিন্তু রাজ্যের বহু স্কুলেই সেই অনুপাত নেই।

Be the first to comment