রোজদিন ডেস্ক : খেলা শুধু খেলোয়াড়দের জন্য নয়, প্রত্যেকের জীবনের অংশ হওয়া উচিত’, রোয়িং চ্যাম্পিয়নশিপে বার্তা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর।
কলকাতার রবীন্দ্র সরোবর লেকে অনুষ্ঠিত হল ২৭তম সাব-জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ ২০২৬। রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের খুদে প্রতিভাবান রোয়াররা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন রোয়িং অ্যাসোসিয়েশনের আধিকারিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। প্রতিযোগিতায় সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়ামন্ত্রী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে ইন্দ্রনীল খাঁ বলেন, “খেলা শুধু খেলোয়াড়দের জন্য নয়, প্রত্যেকের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত।” শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের উপরও জোর দেন তিনি।

ক্রীড়ামন্ত্রী জানান, এতদিন পশ্চিমবঙ্গ ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত ছিল। ভবিষ্যতের খেলোয়াড়দের প্রশিক্ষণ, পরিকাঠামো ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা সকলের দায়িত্ব। রাজ্য সরকার সেই ঘাটতি পূরণে উদ্যোগী হয়েছে বলেও জানান তিনি।


Be the first to comment