প্রতিবেদন: বাড়িতে ডেকে এক ব্যবসায়ীর থেকে কয়েক লক্ষ টাকা তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এই অভিযোগে মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। সেই মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। আপাতত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানান বিচারপতি কৌশিক চন্দ। এদিন এজলাসে যে অডিও ক্লিপিংয়ের ভিত্তিতে কীর্তির বিরুদ্ধে অভিযোগ, সেই অডিও আদালত কক্ষেই চালিয়ে শোনা হয়। সেখানে অভিযোগের সপক্ষে তেমন জোরালো তথ্য খুঁজে পাননি বিচারপতি। সেকারণে আগামী ৬ মাস তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। তবে তদন্তে সহযোগিতা করতে হবে কীর্তি আজাদকে। এই মামলায় আগামী ২২ সেপ্টেম্বর বেলা ১২টায় ভবানী ভবনে হাজিরা দিতে হবে সাংসদকে। ৬ সপ্তাহ পর ফের মামলার শুনানি।

Be the first to comment