রোজদিন ডেস্ক :
তেরো সেপ্টেম্বরের সন্ধ্যায় বর্ধমান লায়ন্স ক্লাবের সভাঘরে প্রকাশিত হল দ্যুতিমান ভট্টাচার্যের গল্পগ্রন্থ ‘নেক্রোফিলিয়া ও অন্যান্য গল্প’। দ্যুতিমান ভট্টাচার্য খ্যাতিমান আইপিএস, বর্তমানে রাজ্য পুলিশের ডিআইজি পদে রয়েছেন। কিন্তু এই পরিচয়কে ছাপিয়ে অন্যান্য ক্ষেত্রে তাঁর দ্যুতির বিচ্ছুরণ সম্পর্কে আমরা অবহিত। একদা শিক্ষকতা করেছেন। শিক্ষার্থীদের জন্য রয়েছে তাঁর একাধিক গ্রন্থ। তিনি গল্পকার ও প্রাবন্ধিক। শিশুদের জন্য লিখেছেন ‘সোঁদরবনের কেঁদো বাঘ’। তাঁর লেখা গোয়েন্দা উপন্যাস ‘খুনী কে!’, ‘গুপ্তচরদের কাহিনী’, ‘পুলিশ কাস্টডি’ পাঠক সমাজে আদৃত। নির্মাণ করেছেন তথ্যচিত্র–’লেট দেয়ার বি ডার্কনেস’ এবং ‘দ্য টার্টল ওয়ারিয়র্স’। এর পাশাপাশি অসামান্য ছবি আঁকেন। চিত্রশিল্পী এবং অলঙ্করণ শিল্পী। রচনা করেছেন গ্রাফিক নভেল ‘শরাবি’। অনুবাদ সাহিত্যের আঙিনাতেও তাঁর স্বচ্ছন্দ বিচরণ।ইতোমধ্যে দুটি হিন্দি উপন্যাসের বঙ্গানুবাদ করেছেন। প্রকাশিত এই গ্রন্থের প্রচ্ছদ নিজেই করেছেন।
অনুষ্ঠানের প্রারম্ভে দ্যুতিমান সম্পর্কে প্রাককথনে ছিলেন বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বিমলানন্দ রায়। গ্রন্থ থেকে তিনটি গল্প পাঠ করে শোনান কাকলি রায়, ব্রততী চক্রবর্তী প্রমুখ। সবথেকে আকর্ষণীয় ছিল লেখকের সঙ্গে আলাপচারিতা। মানব বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় এই পর্বে ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক সুকান্ত দে ও শর্মিষ্ঠা চক্রবর্তী। এই আলোচনায় উঠে এল তাঁর গল্পের বিশ্লেষণ, লেখকের চিন্তাভাবনা। দর্শকাসন থেকেও উঠে এল এই গ্রন্থ সম্পর্কিত একাধিক প্রশ্ন। মোট ২৮ টি গল্প রয়েছে এ গ্রন্থে। গ্রন্থের পাতায় পাতায় আশ্চর্য অলঙ্করণ করেছেন শিল্পী বিশ্বরূপ চৌধুরী। মধ্য পর্বে গান শোনালেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায় ও অনুষ্ঠানের সমাপ্তি হয় আরাত্রিকা ভট্টাচার্য্যের গানে।

নেক্রোফিলিয়া ও অন্যান্য গল্প
লেখক : দ্যুতিমান ভট্টাচার্য
প্রকাশক : বার্ণিক।
সংগ্রহের জন্য যোগাযোগ: 9647503386

Be the first to comment