প্রতিবেদন: শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকের জন্য সোমবার রাতেই মুম্বই উড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন রাতেই মুকেশ আম্বানি ও তাঁর পুত্র আকাশ আম্বানির সঙ্গে বৈঠক করেন তিনি। পরে তাঁর বাসভবনে গিয়ে আম্বানি পরিবারের উষ্ণ আতিথেয়তা গ্রহণ করে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। মুকেশ আম্বানিকে একটি কালীমূর্তিও উপহার দেন তিনি। আজ মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডলে আম্বানি পরিবারের সঙ্গে তাঁর ছবি শেয়ার করেন মুগ্ধ মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, “গতকাল আমি মুম্বইতে প্রখ্যাত শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শ্রী মুকেশ আম্বানিজি-র বাসভবনে গিয়েছিলাম।

সেখানে ভগবান গণেশের সামনে প্রার্থনা করার পরম সৌভাগ্য লাভ করি এবং দেশের শান্তি, প্রগতি ও সমৃদ্ধির জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করি।
আমাদের রাজ্যের আত্মা, চেতনা এবং চিরন্তন ভক্তির প্রতীক হিসাবে, আমি আম্বানি পরিবারকে মা কালীর একটি বিশেষ পবিত্র স্মারক উপহার দেওয়ার সম্মান লাভ করি এবং প্রার্থনা করি যেন মা তাঁদের সুস্বাস্থ্য, সুখ ও উত্তরোত্তর সাফল্যের আশীর্বাদ দেন।
আমাদের উষ্ণ আলাপচারিতার সময়, আমরা পশ্চিমবঙ্গে শিল্প বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির বিরাট সম্ভাবনা নিয়েও মত বিনিময় করি। আমাদের রাজ্য দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত, যা আমাদের যুব সমাজের ক্ষমতাকে আরও বৃদ্ধি করবে এবং শক্তিশালী অর্থনৈতিক পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করবে।
অসাধারণ উষ্ণতা এবং আন্তরিক আতিথেয়তার জন্য শ্রীমতী নীতা আম্বানিজি, শ্রী মুকেশ আম্বানিজি এবং গোটা আম্বানি পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
গণপতি বাপ্পা মোরিয়া
জয় মা কালী।”

Be the first to comment