রোজদিন ডেস্ক
উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী, দুই পুরোহিতকে হত্যা করে নিজের সন্তানদের নিয়ে ঘর বন্ধ করে রেখেছিলেন তিনি। পুলিশের সঙ্গে এনকাউন্টারে প্রাণ গেল অরবিন্দ সিং এর। হাড় হিম এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্রের খবর, অরবিন্দ সিং মঙ্গলবার বাড়ি এসে তাঁর স্ত্রী-কে পুজো করতে দেখেন। দুই পুরোহিতও সেখানে ছিলেন। এই নিয়ে বচসার জেরে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে হত্যা করেন তিনি। এরপর নিজের তিন সন্তানকে নিয়ে দরজা আটকে দেন। খবর পেয়ে পুলিশ এলে দরজা খোলা তো দূরস্থান, রীতিমত হুমকি দেন তিনি। পুলিশ অনেক বুঝিয়ে ও তাঁকে বাড়ির থেকে বার করতে পারেনি। পরন্তু অরবিন্দ সিং পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। দীর্ঘ সাত ঘণ্টা টানটান উত্তেজনা ময় পরিস্থিতি চলার পর পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান। তাঁর এক অসুস্থ সন্তানও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কেন তিনি এই ভয়ঙ্কর ঘটনা ঘটালেন পুলিশ তদন্ত করছে।
এলাকার পরিস্থিতি থমথমে।
নিহত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী তাঁর অন্য দুই সন্তান জিজ্ঞাসাবাদের মত অবস্থায় নেই। পুলিশ অন্য আত্মীয়দের সঙ্গে কথা বার্তা বলছে।

Be the first to comment