প্রতিবেদন: নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigram By Election) আগেই আইনি লড়াইয়ে জয় পেলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। মঙ্গলবার তাঁকে ও বিজেপিকে উপনির্বাচনের আগে বড়সড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। হাসিরানি রথের বিরুদ্ধে মনোনয়নে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তোলে কংগ্রেস। যার জল গড়ায় আদালত পর্যন্ত। বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের সেই আর্জি খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। বিজেপি প্রার্থীর মনোনয়ন সংক্রান্ত মামলার শুনানি হয় গত শুক্রবার। শুনানি শেষে রায়দান স্থগিত রাখে বিচারপতি কৃষ্ণা রাও-এর সিঙ্গল বেঞ্চ। অবশেষে আজ হাইকোর্টের রায়ে স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী হাসিরানি। হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ ছিল, মনোনয়ন পত্রে হাসিরানির যে বয়স উল্লেখ করা হয়েছিল, তার সঙ্গে মাধ্যমিক সার্টিফিকেটের কোনও মিল নেই। সেক্ষেত্রে বয়স ভুল দেওয়া হয়েছে অথবা শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মিথ্যে তথ্য দেওয়া হলে, মনোনয়ন বাতিলের অধিকার থাকে রিটার্নিং অফিসারের। সেক্ষেত্রে রিটার্নিং অফিসার কেন তা করেননি, তা নিয়ে আদালতে প্রশ্ন তোলে কংগ্রেস। কমিশন বলে, মনোনয়ন স্ক্রুটিনির সময় কেন অভিযোগ করা হয়নি? মামলার বৈধতা নিয়ে প্রশ্নও তোলে কমিশন। সব পক্ষের কথা শোনার শুক্রবার রায়দান স্থগিত রাখেন কলকাতা হাইকোর্ট বিচারপতি কৃষ্ণা রাও। আজ মামলার শুনানিতে কংগ্রেসের আবেদন খারিজ করে দেন বিচারপতি। এই বিষয়ে কমিশনের এক্তিয়ারে কোনও হস্তক্ষেপ করা হবে না জানিয়ে দেয় আদালত। এর ফলে নন্দীগ্রাম উপনির্বাচনে স্বস্তি পেল বিজেপি।

Be the first to comment