প্রতিবেদন: রাজ্যের সমস্ত সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজের তথ্য এবার থেকে মানুষের কাছে পৌঁছবে বাংলাতেই। সরকারি প্রকল্পের কাজের জায়গায় থাকা সমস্ত তথ্যফলক, নির্দেশিকা ও ঘোষণায় বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, তথ্যের স্বচ্ছতা, জবাবদিহি এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, বিভিন্ন জেলায় কেন্দ্রীয় প্রকল্প ও অর্থ কমিশনের অনুদানে হওয়া কাজের ক্ষেত্রেও অনেক সময় শুধুমাত্র ইংরেজিতে তথ্যফলক লাগানো হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে সেই প্রবণতা বন্ধ করতেই নতুন নির্দেশ জারি করা হয়েছে। এখন থেকে সরকারি প্রকল্পের কাজের বিবরণ, প্রকল্পের নাম, অনুমোদিত ব্যয়, অর্থের উৎস, কাজ শুরু ও শেষের সম্ভাব্য সময়, বাস্তবায়নকারী সংস্থার নাম ও যোগাযোগের তথ্য, সবই বাংলায় লিখতে হবে। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র অধীন এলাকায় এই তথ্য নেপালি ভাষায় থাকবে। প্রয়োজনে বাংলাও যোগ করা যাবে। কেন্দ্রীয় প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী ইংরেজি বা হিন্দি ব্যবহার বাধ্যতামূলক হলে, তা বাংলা বা নেপালির পাশাপাশি দেওয়া যাবে। তবে প্রধান স্থান দখল করবে বাংলা বা নেপালি ভাষাই। সরকার নির্দেশ দিয়েছে, যেসব প্রকল্পে এখনও তথ্যফলক লাগানো হয়নি, সেখানে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন নিয়মে ফলক বসাতে হবে। ইতিমধ্যে থাকা নিয়মবহির্ভূত ফলকগুলিও একই সময়ের মধ্যে সংশোধন করতে হবে অথবা সরিয়ে ফেলতে হবে।
ভবিষ্যতে রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পকে একটি জিও-ট্যাগড স্কিম ব্যাঙ্কের আওতায় আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে প্রতিটি তথ্যফলকে একটি কিউআর কোড যুক্ত করা হবে। কিউআর কোড স্ক্যান করলেই প্রকল্পের অনুমোদিত ব্যয়, অর্থের উৎস, বাস্তবায়নকারী সংস্থা, কাজের অগ্রগতি, সময়সীমা এবং অবস্থান-সহ বিস্তারিত তথ্য জানা যাবে। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের সহযোগিতায় এই ব্যাঙ্ক গড়বে তথ্য দফতর। জেলা শাসকদের এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। মহকুমা শাসক, বিডিও, পুরসভা ও অন্যান্য বাস্তবায়নকারী সংস্থার মাধ্যমে নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা একেবারে নিচুতলা পর্যন্ত পরিদর্শন করে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিভিন্ন দফতরের প্রধানদেরও অধীনস্থ সংস্থা ও বাস্তবায়নকারী এজেন্সিগুলির ক্ষেত্রেও নিশ্চিত করতে বলা হয়েছে।

Be the first to comment