রোজদিন ডেস্ক :
দীপাবলির রাতে মধ্যপ্রদেশের দুই জেলায় বাড়িতে বিধ্বংসী আগুনে বাড়ি পুড়ে শিশু-সহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত চার জন হাসপাতালে। কাটনি ও সিওনি জেলার এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দীপাবলির প্রদীপের শিখা থেকেও আগুন লাগতে পারে। গভীর রাতের অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় তাঁরা প্রাণ হারান।
কাটনির অগ্নি কান্ড : কাটনির বরহি শহরে মধ্য রাতে এক তিন তলা বাড়ির একতলায় বাসনপত্রের দোকানে প্রথম আগুন লাগে বলে পুলিশ সূত্রে প্রকাশ। মুহুর্তে তা লেলিহান রূপ নিয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে৷ প্রথমে পরিবারের দুজন কোন ক্রমে বেরোতে পারলেও বাকি রা ভিতরে আটকে পড়ে। দমকল, পুলিশ,বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতভর আগুন নিভিয়ে উদ্ধার কাজ করলেও পরিবারের দুমাসের এক শিশু সহ আটকে পড়া ৬ জন ই মর্মান্তিক ভাবে প্রাণ হারান। তাঁরা হলেন পূরণ অগ্রবাল (৭৭), তাঁর স্ত্রী চন্দ্রকলা (৭৪), পুত্রবধূ পুনম ( ৩৫), তিন নাতি, নাতনি।
ভয়াবহ এই অগ্নিকান্ড প্রদীপের শিখা বা শর্ট সার্কিট থেকে হতে পারে বলে পুলিশের অনুমান। স্থানীয় মানুষের অভিযোগ, দমকলের দুটি ইঞ্জিনের পাইপ ফাটা, ত্রুটি ছিল। পরে কৈমোর ও কাটনি পুরসভার ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সকালে জে সি বি দিয়ে বাড়ি ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সিওনি-র অগ্নি কান্ড : সিওনিতেও আজ কাক ভোরে স্বর্ণ ব্যবসায়ী কুন্দনলাল সোনির বাড়ি বিধ্বংসী আগুন লাগে। তখন ভিতরে দশ জন ঘুমিয়ে ছিলেন। এখানেও ৬ জন অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান। দুই নাবালক সহ চার জন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন কুন্দনলাল সোনি (৭৫),তাঁর স্ত্রী রাজকুমারী (৬৫), ঋতু ( ৪২),স্মৃতি (৪০), সূর্য (৪৫) ও আদিত্য (১৬)।
এখানে ও কিভাবে আগুন লাগলো পুলিশ তদন্ত করছে৷
দুটি ক্ষেত্রেই এই মৃত্যুর বেদনাদায়ক ঘটনায় উৎসবের আনন্দ ম্লান হয়ে গেছে।
ওই রাজ্যের ছতরপুরে একাধিক এলাকায় বাজি তে পুড়ে ৩৫ জন আহত হন।

Be the first to comment