রোজদিন ডেস্ক : আইওএ বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে এবার সরতেই হচ্ছে দেশের কিংবদন্তি অ্যাথলেট পিটি উষাকে। আগামী ৫ ডিসেম্বর সভাপতি পদের নির্বাচনের আগে সোমবার ৯ নভেম্বর আইওএ-র এসওএম বা স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট নির্বাচনে পরাজিত হলেন পিটি উষা। এর ফলে মূল নির্বাচন থেকে তিনি ছিটকেই গেলেন বলা যায়। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ২০২৬-২০৩০ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের অংশ হিসেবে ৯ নভেম্বর, সোমবার ছিল এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট বা এসওএম নির্বাচন। এই নির্বাচনে মহিলা ক্যাটাগরিগে ৪টি আসনের জন্য মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৮০ জন এসওএম সদস্যরা অনলাইন ভোটের মাধ্যমে শীর্ষ ৪ জনকে নির্বাচিত করেন। এবারের নির্বাচিতরা হলেন অঞ্জু ববি জর্জ। তিনি সর্বোচ্চ ৫৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে হকির রানি রামপাল পেলেন ৫০টি ভোট। তিন নম্বরে বাংলার দোলা বন্দ্যোপাধ্যায় ৪৫টি ভোট পেয়ে জয়ী হলেন। ৪৩টি ভোট পেয়ে চার নম্বরে জায়গা পেলেন সাইনা নেহওয়াল। কিন্তু বড় ধাক্কা খেলেন উষা। বর্তমান আইওএ সভাপতি পিটি ঊষার জুটল মাত্র ৪০টি ভোট। এই হারের ফলে আগামী ৫ ডিসেম্বরের মূল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তাঁর দ্বিতীয়বার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ প্রায় শেষ হয়ে গেল।
নির্বাচনের আগে বাংলার ক্রীড়াবিদ দোলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন উষা। তবে তাঁর অভিযোগ ধোপে টেঁকেনি। এর পাশাপাশি ছেলেদের বিভাগে প্রাক্তন শুটার গগন নারাং, প্রাক্তন বক্সার বিজেন্দ্র সিং, প্রাক্তন কুস্তিগির যোগেশ্বর দত্ত এবং প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় কমলেশ মেহতা জিতলেন। তবে এদের কাউকেই নির্বাচনে লড়তে হয়নি। কারণ বাকি চার প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করে নেন।
তবে আইওএ সভাপতি পদে লড়তে গেলে উষার সামনে এখন একটাই রাস্তা খোলা আছে। এই হারের পরেও ঊষা আইওএর কর্মসমিতির নির্বাচনে দাঁড়াতে পারবেন। তবে শর্ত একটাই, তার জন্য জাতীয় ক্রীড়া পর্ষদের অন্তর্ভুক্ত কোনও ক্রীড়া সংস্থার সাধারণ সভায় মনোনয়ন পেতে হবে তাঁকে। বর্তমান পরিস্থিতিতে যার সম্ভাবনা খুবই কম। আইওএ-র সংবিধান অনুযায়ী, সভাপতি পদপ্রার্থীকে এসওএম বা সাধারণ সমিতির সদস্য হতে হবে। ঊষা এর আগে এসওএম হিসাবেই আইওএ নির্বাচনে লড়ে সভাপতি হয়েছিলেন।

Be the first to comment