প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

Spread the love

নিজস্ব সংবাদদাতা, নদীয়া :

দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াইয়ের অবসান। প্রয়াত হলেন নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য উজ্জ্বল বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

নদিয়ার রাজনীতিতে ‘উজ্জ্বলদা’ নামেই বিশেষ পরিচিত ছিলেন উজ্জ্বল বিশ্বাস। ২০১১ সালে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। পরবর্তীতে রাজ্য মন্ত্রিসভায় সংশোধনমূলক প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নদিয়ার রাজনীতিতে তাঁর ছিল বিশেষ পরিচিতি।

তবে জীবনের শেষ পর্যায়ে একাধিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাঁকে। ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে গত জুন মাসে টানা ৪৯ দিন জেলবন্দি থাকতে হয়েছিল প্রাক্তন এই মন্ত্রীকে। তৃণমূল সূত্রের দাবি, সেই সময়ের মানসিক চাপ তাঁর শারীরিক অবস্থার উপর প্রভাব ফেলেছিল।

তাঁর একমাত্র সন্তান এর অকাল প্রয়াণে তিনি মানসিকভাবে দীর্ঘদিন ধরেই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

সম্প্রতি বাইপাস অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক, নিউমোনিয়া-সহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেয়। একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় তাঁকে কলকাতার ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না।

উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে নদিয়ার রাজনৈতিক অঙ্গনে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করছেন রাজনৈতিক সহকর্মী ও অনুরাগীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*