প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের রায়ে কলকাতা পুরনিগমের আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এখন ঝুলে রয়েছে। এর জেরে অনিশ্চিত হয়ে পড়েছে পুরভোটও। এই জট কাটাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে গেল রাজ্য। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়। কিন্তু কীভাবে তা করা হল, সেই প্রশ্ন তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু, সিঙ্গল বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি। সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায় ডিভিশন বেঞ্চে যান মামলাকারী। গত ৬ নভেম্বর ভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর স্থগিতাদেশ দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। ফলে আপাতত আইনি জটে আটকে অনিশ্চিত কলকাতার পুরভোট।

Be the first to comment