সুস্মিত মুখার্জি :
বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘Akvan’ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোলেও, এর পরোক্ষ প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত শহরের আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ১৮ নভেম্বর সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমি। সরাসরি ল্যান্ডফল এ রাজ্যে না হলেও এর বহিরাংশ ও ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব পড়বে।
কলকাতায় কী ধরনের প্রভাব পড়তে পারে!
বৃষ্টিপাত: ১৯ নভেম্বর (বুধবার) থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দু’দিন অর্থাৎ ২০ ও ২১ নভেম্বর বৃষ্টির পরিমাণ ও পরিসর আরও বাড়তে পারে।
ঝোড়ো হাওয়া ও বজ্রপাত: বৃষ্টির পাশাপাশি শহরের কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জলজমার আশঙ্কা, একটানা বা দফার দফার বৃষ্টিতে কলকাতার নিচু এলাকাগুলিতেও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় সাময়িক জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির দিকে নজর রেখে কলকাতা ও হলদিয়া বন্দরে ইতিমধ্যেই দূরবর্তী সতর্কতা সংকেত নম্বর-২ এবং সাগরদ্বীপে বিশেষ সংকেত জারি করা হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে শহরের বাসিন্দাদের অপ্রয়োজনে জলমগ্ন রাস্তা এড়িয়ে চলার এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ১৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

Be the first to comment